এক লোক প্রায়ই এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, “আপনার আপেলগুলো পানসে, একদম মিষ্টি না! এই নিন একটা খেয়ে দেখুন।” এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিত। বৃদ্ধ আপেলটা খেয়ে যেইমাত্র বলতেন “মিষ্টি তো ঠিকঠাকই আছে” অমনি লোকটি কিছু না বলে চলে যেতেন!
আজ লোকটির সাথে তার স্ত্রী ছিল। হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন, “তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো কেন? আপেলগুলো তো যথেষ্ট মিষ্টি।”
লোকটি বললেন, “আমি জানি ওগুলো মিষ্টি! তুমি ওনার চেহেরা দেখনি? উনি খুব গরীব, অনেক কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন। আমি তাই প্রতিবার মিথ্যা কথা বলে নিজের ভাগের একটা আপেল তাকে খেতে দিই!”
লোকটি এবং তার স্ত্রী আপেল কিনে চলে যাবার পর পাশের মুদি দোকানদার আপেল বিক্রি করা বৃদ্ধকে প্রশ্ন করলেন, “আমি লক্ষ্য করেছি আপনি প্রতিদিন ওই লোকটিকে খানিকটা ওজন বাড়িয়ে দেন। এর কারণ কি?”
বৃদ্ধ হেসে বললেন, “কারণ আমি জানি সে মিথ্যা বলে আমাকে একটা আপেল খাইয়ে চলে যায়। সে মনে করেছে আমি এটা বুঝি না! আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে ঢলে পড়ে!
গল্পটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন 🙏 ধন্যবাদ 🌹
ফেসবুক থেকে সংগৃহিত গল্প।
